উখিয়ার ইনানী বীচে কমে যাচ্ছে পর্যটকের সংখ্যা

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১২
কক্সবাজারের দ্বিতীয় বৃহত্তম পর্যটন স্পট ইনানী বীচে এখন পর্যটকের শূন্যতা বিরাজ করছে। শীত মৌসুমের শুরুতে এখানে উল্লেখযোগ্য পর্যটকের উপস্থিতি থাকার সম্ভাবনা থাকলেও হোটেল-মোটেল ব্যবসায়ীরা মনে করছেন সারা দেশব্যাপী চলমান অস্থিরতার কারণে পর্যটকরা ঝুঁকি নিয়ে এখানে আসতে চাইছে না। সম্প্রতি মেরিন ড্রাইভ সড়কের পর্যটকবাহী যানবাহনে ভয়াবহ ডাকাতির ঘটনায় পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। যে কারণে এখানে অন্যান্য বছরের তুলনায় পর্যটক সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। বান্দরবানের এক উপজাতি দম্পতি নির্পম চাকমা (২৮) ও তার স্ত্রী চয়নিকা চাকমা (২২) জানান, কক্সবাজারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার ফাঁকে ইনানী বীচ দেখার সুযোগ হয়েছে। তারা বলেন, হরতালের কারণে কেউ এখানে ঝুঁকি নিয়ে আসতে চাইছে না। এ সময় চকরিয়া থেকে আসা ব্যবসায়ী ওসমান গণি চৌধুরী (৪৫) জানান, প্রতি বছরের শীত মৌসুমের শুরুতে এখানে দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে স্থানীয়দের সৈকত উপভোগ করার সুযোগ থাকে না। ইনানী বীচ বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছৈয়দ হোছন জানান, শুক্রবার রাতে মেরিন ড্রাইভ সড়কের দরিয়া নগর স্পটে ডাকাতরা পর্যটকবাহী ৭/৮টি যানবাহনে ডাকাতি করে পর্যটকদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। ইনানী বীচে ডাকাতির ঘটনায় পর্যটন শিল্পের উপর প্রভাব পড়ে অপূরণীয় ক্ষতি হয়েছে। ইনানী প্যাবেল ষ্টোনের পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী জানান, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক সমাগম কম। উপজেলা বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ইউএনও সাইফুল ইসলাম জানান, মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির ঘটনার ব্যাপারে তিনি জানেন না।