ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ স্মারক বৃত্তি তহবিল’ গঠন করা হয়েছে। ১৯৭১ সালে শহীদ বিশ্ববিদ্যালয়ের এ প্রাক্তন অধ্যাপকের নামে এই ট্রাস্ট ফান্ড আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক গিয়াসউদ্দিনের বোন ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষক ও শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক সাজেদা বানু ফান্ড গঠনের জন্য ৩ লাখ টাকা দান করেন। ঐ টাকার একটি চেক তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো:কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এই ফান্ডের আয় থেকে প্রতিবছর ইতিহাস বিভাগের অনার্স সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
উল্লেখ্য, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ ১৯৩৩ সালে নরসিংদী জেলার বেলাব উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
