নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:৩৫
নির্মাণাধীন বহুতল ভবনের পাশে টিনশেড ঘর। তার সামনে বসে হাড়ি-পাতিল পরিষ্কার করছিলেন রহিমা আক্তার। তাকে সাহায্য করছিল ১২ বছরের মেয়ে মরিয়ম। হঠাত্ উপর থেকে এক টুকরো কাঠ এসে পড়ে মরিয়মের মাথায়। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাজধানীর তেজকুনিপাড়ায়। নিহত মরিয়মের মা রহিমা আক্তার হাসপাতালে সাংবাদিকদের জানান, তেজকুনিপাড়ার কসাই মোড়ে ১৭৪/এ নম্বর নির্মাণাধীন ভবনে কেয়ারটেকার হিসাবে কাজ করেন তার স্বামী খোকন মাতব্বর। এর পাশেই একটি টিনশেড ঘরে তারা থাকেন। তিনি পাশের একটি বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে থালা-বাসন, হাড়ি-পাতিল পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিত্সাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে সে মারা যায়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটের পাঁচকাড়ি এলাকায়। তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।