মজুরি প্রশ্নে পোশাক শ্রমিকদের আল্টিমেটাম

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:৩৫
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা এবং সম্প্রতি পুলিশের গুলিতে শ্রমিক হত্যার বিচার ও দোষীদের শাস্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রমিকদের ন্যায্যমূল্য না দিয়ে ও নির্যাতন চালিয়ে মালিকপক্ষ প্রহসন এবং সরকার প্রতারণা করছে। শিগগিরই দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বুধবার বিকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে পৃথক মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে গত সোমবার পুলিশের গুলিতে গাজীপুরের কাশিমপুরে দুই শ্রমিক নিহত হন। ঐ দাবিসহ শ্রমিকদের উপর নির্যাতন বন্ধসহ কয়েকটি দাবিতে গাজীপুর-সাভার এলাকায় গতকাল পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রেখেছে শ্রমিকরা। গতকাল বিকাল পৌনে চারটার দিকে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গার্মেন্ট শ্রমিক সংহতি। মিছিলটি পুরানা পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতা জুলহাসনাইন বাবু বলেন, গত কয়েকদিন ধরে আশুলিয়া, জামগড়া, জিরাবো এবং গাজীপুরের বিভিন্ন অঞ্চলে শ্রমিক অসন্তোষ দমন করার নামে শ্রমিকদের ওপর ব্যাপক নির্যাতন চলছে। পুলিশের লাঠিচার্জে ও গুলিবর্ষণে শতশত শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের ওপর রাষ্ট্রের নির্যাতন এমনই মাত্রাছাড়া হয়েছে যে গুলি করে হত্যা করা হয়েছে ২ শ্রমিককে। সবচে বেশি নির্যাতন চলছে নারী শ্রমিকদের ওপর। এমনকি শ্রমিকদের বাসা এবং মেসে ঢুকে তল্লাশির নামে ভাংচুর চালানো হচ্ছে। এ অবস্থার প্রতিকার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে শ্রমিকরা বাধ্য হবে। গণসংহতি আন্দোলনের সমন্বয় পরিষদের নেতা অ্যাডভোকেট আবদুস সালাম বলেন, শান্তিপূর্ণ শিল্প পরিবেশ বজায় রাখতে হলে শ্রমিকদের ন্যায্য দাবি ন্যূনতম আট হাজার টাকা মজুরি মেনে নিতে হবে এবং সকল কারখানায় অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্মেন্ট সংহতির কেন্দ্রীয় নেতা দীপক রায়, হারুন রশিদ মাহমুদ, আবু শামা। ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ ইয়াসিন, আঃ জলিল, খলিলুর রহমান খান, প্রকাশ দত্ত, আক্তারুজ্জামান, বেলায়েত হোসেন নয়ন।