চলে গেলেন আবাহনীর অজি কোচ নাথান

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:৫৫
শুরুতেই অঘটন, চলে গেছেন আবাহনীর অস্ট্রেলিয় কোচ নাথান হল। তাই অমলেশ সেন এর অধীনেই আজ ফেডারেশন কাপ ফুটবল শুরু করছে দলটি। হল গতকালই চলে গেছেন। জানা গেছে, আসার পর থেকেই কোচের সাথে বনিবনা হচ্ছিল না ক্লাব কর্মকর্তাদের। মূলত তার প্রশিক্ষণ পদ্ধতি কর্মকর্তাদের পছন্দ হচ্ছিল না। যদিও প্রকাশ্যে অন্য কারণের কথা বলা হচ্ছে। আবার কোচও আসল কারণ বলে যাননি। এ কারণে গতকালই তাকে ক্লাব ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ক্লাবের দাবি, কোচ নাথান বিদেশি ফুটবলারদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছিলেন। ভবিষ্যতে এটা দলের জন্য খারাপ হতে পারে। দলের ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপুর দাবি,‘নাথান আফ্রিকান এবং ব্রাজিলীয়ান ফুটবলারদের মধ্যে বৈষম্য তৈরি করেছিল।’ এছাড়া কোচের ‘টিম হ্যান্ডেলিংয়ে’ ঘাটতি ছিল। নাথান হল ২১ অক্টোবর ঢাকায় এসে দায়িত্ব নেন। তার আগে দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছিল। কিন্তু দেড় মাসের ব্যবধানেই আবাহনীর সাথে সম্পর্ক ছিন্ন করতে হলো কোচকে। ক্লাবের একটি সূত্র জানা গেছে, তার অনুশীলন পছন্দ হচ্ছিল না ক্লাব কর্মকর্তাদের। নাথান ফোনে সাংবাদিকদের বলেছেন তিনি ক্লাবের পরিবেশ ভালো করার জন্য চেষ্টা করেছিলেন। নানা বিষয়ে তিনি মত দিয়ে কাজ করার জন্য কথা বলতে গিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে।’ কিন্তু ক্লাব তার প্রশিক্ষণ পদ্ধতির পছন্দ অপছন্দ করার মতো কোনো কথা বলেননি তিনি। এর আগেই আবাহনীর আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানীও অভিমান করে চলে গিয়েছিলেন।