নেক্সাসের জন্য ওয়্যারলেস চার্জার আনল গুগল

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ১৯:৩৩
স্মার্টফোনের চার্জার হিসেবে ভবিষ্যত প্রজন্মের প্রযুক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে ওয়্যারলেস চার্জারকে। অনেকদিন থেকেই এমন ওয়্যারলেস চার্জার বাজারে আনতে কাজ করে যাচ্ছে বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান। বিচ্ছিন্নভাবে এসব প্রতিষ্ঠান ওয়্যারলেস চার্জার তৈরি করলেও বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান এখনও এই প্রযুক্তিকে বাজারে আনতে পারেনি। সেই ঘাটতি এবারে পূরণ করল টেক জায়ান্ট গুগল। যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারে প্রাথমিকভাবে এই ওয়্যারলেস চার্জার বিক্রি শুরু করেছে তারা। তাদের নেক্সাস ৪, নেক্সাস ৫ এবং নেক্সাস ৭-এর জন্য এই ওয়্যারলেস চার্জার বিক্রি শুরু করেছে ৫০ ডলার দামে। গুগল স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে চার্জারগুলো। ওয়্যারলেস এই চার্জারের আকৃতি ৬০ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার বাই ১২.৫ মিলিমিটার। ‘চি’ (Qi) চার্জিং প্রযুক্তিতে তৈরি গুগল’র এই ওয়্যারলেস চার্জারের পুরো প্যাকেজে রয়েছে ৯ওয়াট ১.৮ অ্যাম্পিয়ার এসি অ্যাডাপ্টার, মাইক্রোইউএসবি কেবল এবং একটি ওয়ারেন্টি কার্ড। এই ওয়্যারলেস চার্জারকে বিদ্যুত্ উেসর সাথে সংযুক্ত করে তার আশেপাশে নেক্সাস ৪ ও নেক্সাস ৫ স্মার্টফোন কিংবা নেক্সাস ৭ ট্যাবলেট পিসি রাখলেই তা সরাসরি চার্জ হতে থাকবে। এর জন্য নেক্সাস ডিভাইসগুলোকে কোনোকিছুর সাথে সংযুক্ত করতে হবে না। এমনিতেই স্বল্পমূল্যের কারণে নেক্সাস ৫কে বলা হচ্ছে এই সময়ের সেরা একটি স্মার্টফোন। তার সাথে এই ওয়্যারলেস চার্জার ব্যবহারের সুবিধা এর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে বলেই আশা করছে গুগল।