সব প্রার্থনায় কিছু কণ্ঠ একান্ত নীরব
এমন নিঃশব্দ উপাসনা
তুমি ঠিক বুঝেও বোঝনি তাই
হঠাত্ লুকোলে কোন গোপন আড়ালে
অথচ সেদিন
মেলা থেকে ফেরার সময়
ঝাড়বাতি পুরনো লণ্ঠন আর
নূপুরের ইতিকথা
এইতো সেদিন
হাতের রঙিন চুড়ি নাকের নোলক
আতরের ছোট শিশি
ফেলে আসা টুকরো সময়
এভাবেই স্মৃতিমেঘ ছিঁড়ে
ফিরে এসো দ্যাখো
বুকের ভেতরে রুগ্ন হূিপণ্ড কেমন মন্থর
দ্যাখো অসম সাহসী এই ইন্দ্রিয়ের খেলা
দ্যাখো শিকড়ের কাছাকাছি
বৃষ্টিভেজা কবিতা আমার
এসো একবার এদিকে তাকাও
দ্যাখো তোমার লাবণ্যে আজ
স্বপ্নময় উদাসীন তুলো
