আবার তোমার পদার্পণ ভালোবাসা হে মৌনতা—
আমার ঊষর আঙিনায়—অন্ধকারে তারা ফোটা
খরতপ্ত মধ্যাহ্নে হঠাত্ গূঢ় বর্ষণ ক’ফোঁটা
যদিও নিয়তিবাদী নই, তবু বলি না গৌণ তা
নিজের যোগ্যতা জানি, আস্থা রাখি বিবেচনাবোধে
যায় না আশঙ্কা তবু, যদি করি পাপেরে মার্জনা
না বাসি যথেষ্ট ভালো, দিয়ে ফেলি শাস্তি, যা ধার্য না
বিহ্বল বিকেলে তুলি ভুল সুর শোভন সরোদে!
রত্নকে করিনি যত্ন, প্রেমকে দেখিনি ভালোবেসে—
যতোটা সম্ভব বাসা, তাই থাকি ভয়-ভাবনায়
তুচ্ছ কথা তীব্র তীর হয় যদি প্রণয়-ডানায়
ভুলের মাস্তুলে অলৌকিক জলযান যায় ভেসে
দূরে দূরে থাকি তাই— দূরের নক্ষত্র ভালোবাসি
জেনো ভালোবাসা, স্বর্গ-সুধা ঢালে আনাড়ির বাঁশি।
