কবিতার কথা ওঠে।
সময় সময়, ঠিক এও মনে হয় :
আমরা কি সেই ভিখিরি বৃদ্ধার সঙ্গেই কথা বলছি?
আমাদের কথাগুলো ডোর-টু-ডোর ঘুরছে।
ভিক্ষা দাও বা না দাও, দরজা খুলে দ্যাখো :
বৃদ্ধাদের চোখ থেকে ঝরে পড়ছে ফুল;
সে ফুল হয়তো শুকিয়ে গেছে, পানি পায়নি
বর্ষারাতেও?
মানি
ভাত ফোটেনি, রাত ফোটেনি বছর বছর অশ্রুপাতেও
কিন্তু কবিতা ফুটে ওঠে! তাই
কবিতার কথা বলি তো সেই
ভিখিরি-বৃদ্ধার কথাই বলি
কবে থেকে সে ভিক্ষে করছে? জানো?
