কাউকে বিভ্রান্ত করতে চাই না :প্রসূন আজাদ

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:১৪
গত কয়েক বছরে দেশের শীর্ষ রিয়েলিটি শো লাক্স সুপারস্টার থেকে একাধিক তারকা বিজয়ী বা বিজিত হয়ে এলেও দুই একজন ছাড়া কেউই খুব একটা নজর কাড়তে পারেননি। বরং বলা যায় ফি বছর যে দশজন করে তারকার জন্ম হয় গত ৫ বছরে সেই ৫০ জনের ৫ জন তারকাও খুব একটা ব্যস্ত থাকেননি। সেদিক দিয়ে নিজের আত্মপ্রত্যয়ী মনোভাবেই এগিয়ে আছেন প্রসূন আজাদ। তবে প্রসূন নিজের ক্যারিয়ারে কিছু বিপত্তি ও আপত্তিকর মন্তব্য অতঃপর অনলাইন কিছু দৈনিকের খবর প্রকাশের পর বিব্রত হয়েছেন। একই সাথে অন্য অনেক মডেলের মতো মিডিয়ায় একগাদা নাটক করে ক্যারিয়ার বিভ্রান্ত করেননি। প্রসূনের কথায়, ‘আমি চলচ্চিত্রকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। এটাই আমার মূল জায়গা। এই ফিল্ম করব বলেই অনেক ধারাবাহিকের অফার ফিরিয়ে দিয়েছি। এতে আমার কোনো দুঃখ নেই। তবে আমি বলব আমি এখনও খুব একটা পরিচিত কেউ হতে পারিনি। যেদিন সবাই আমার নাম বা দূর থেকে দেখেই আমার ভালো কাজের প্রশংসা করবে, সেই দিনটিরই তপস্যা করছি আমি। আমি তাই পাঁচমিশালী কাজ করে কাউকে বিভ্রান্ত করতে চাই না।’