অভিবাসী শ্রমিকের মুক্ত চলাচল নিশ্চিত করার দাবি

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:৪৫
অভিবাসী শ্রমিকের মুক্ত চলাচলের বিষয়টিকে গুরুত্ব দেয়ার জন্য বিশ্ব বানিজ্য সংস্থাকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে দেশের ১৫টি অধিকার ভিত্তিক সংগঠন। এসব সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ডব্লিওটিও’র আসন্ন ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে আলোচনার টেবিলে এ বিষয়টিকে যাতে গুরুত্ব দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক র্যালি ও সমাবেশের বক্তারা এ দাবি তোলেন। বক্তারা বলেন, শুল্ক ও কোটামুক্ত পণ্যের প্রবেশাধিকার এবং রুলস অব অরিজিনের দাবি স্বল্পোন্নত দেশগুলোর জন্য হিতে বিপরীত হতে পারে। কারণ এটি তাদের টিসা ও টিকফা চুক্তির বিরোধিতার করার অধিকার খর্ব করতে পারে। তারা বলেন, বাংলাদেশের তৈরি পোষাক ও ওষুধ ইতিমধ্যে বিশ্ব বাজারে প্রতিযোগিতা করছে। এই মুহূর্তে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের জন্য দাবি তোলা আমাদের জন্য বোকামিই হবে। কারণ, এর বিনিময়ে ধনী দেশগুলো আমাদের দেশে তাদের বহুজাতিক কোম্পানির পণ্যের জন্য অবাধ বাজার সুবিধা দাবি করবে। এ সময় বক্তব্য রাখেন ইক্যুইটিবিডি’র সৈয়দ আমিনুল হক, রেজাউল করিম চৌধুরী, মোস্তফা কামাল আকন্দ, বাংলাদেশ এগ্রিকালচারাল লেবার ফার্ম ফেডারেশন এর মামুন খান, জাতীয় শ্রমিক জোটের ডা. মেজবাহ উদ্দিন, বাংলাদেশকৃষক ফেডারেশনের মইন হাওলাদার ও জায়েদ ইকবাল খান, বাংলাদেশ ভূমিহীন সমিতি’র সুবল সরকার প্রমুখ। র্যালি ও সমাবেশ আয়োজক ১৫টি সংগঠন হচ্ছে অর্পন, অনলাইন নলেজ সোসাইটি, ইক্যুইটিবিডি, এমএফটিডি, এসডিও, কিষাণী সভা, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বিএএফএলএফ, ভয়েস, লেবার রিসোর্স সেন্টার, সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশন।