সিরাজদিখান উপজেলার প্রধান নৌপথ সিরাজদিখান-রামকৃষনদী নৌপথে চলাচলকারী যাত্রী ও নদী তীরবর্তী এলাকাবাসির দুর্ভোগ চরমে পৌঁছেছে। কারণ সিরাজদিখান থেকে গুয়াখোলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ খালটির প্রায় পুরোটিই কচুরিপানায় পূর্ণ হয়ে আছে তিন মাস যাবত্। ফলে বন্ধ রয়েছে নৌকা, যাত্রী ও মালবাহী ট্রলার। এমনকি কচুরিপানার কারণে নদীতে গোসলসহ ঘর-গৃহস্থালির কাজকর্ম করা সম্ভব হয় না। এ খালটি দিয়ে বাসাইল, রসুনিয়া, লতব্দী ও বালুচর ইউনিয়নের অধিকাংশ লোক যাতায়াত করে। এ নদী পথের ট্রলার চালক মোঃ শাহজাহান বেপারী জানান, এই নদীতে যাত্রী ও মাল বহনকারী ট্রলার চালিয়ে তার সংসার সংসার চলে। অথচ কচুরির কারণে প্রায় তিনমাস যাবত্ তার ট্রলার চলাচল বন্ধ রয়েছে। ফলে এখন তার পক্ষে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এছাড়া এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি খালের জায়গায় অবৈধভাবে বাঁশ-খুঁটি গেড়ে ও মাটি ভরাট করে বাঁধ দিয়ে সরকারি খাল দখল করে রেখেছে। ফলে খালটির এক অংশ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী জানান, নৌ পথে যোগাযোগের জন্য এই খালই একমাত্র ভরসা।
