সৈয়দপুরে ক্ষুরারোগে ১৪টি গরুর মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:৪৯
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভাইরাসজনিত গরুর ক্ষুরারোগ মহামারী আকার ধারণ করেছে। গত দুই সপ্তাহে এ রোগে অন্তত ১৪টি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার গরু। এতে কৃষকসহ দুগ্ধ ও গরু মোটাতাজাকরণ খামারিদের মাথায় হাত পড়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর সংক্রমণ এলাকা চিহ্নিত করে এ রোগ প্রতিরোধে কৃষকদের পরামর্শ ও সেবা দিচ্ছেন। সরেজমিনে গরুর ক্ষুরা রোগে আক্রান্ত সৈয়দপুর পৌর এলাকার কাজীপাড়ায় গিয়ে দেখা যায়, গত দুই সপ্তাহে ওই এলাকার মানিকুলের ডেইরী ফার্মের হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটি ও বাবু মিয়ার দুইটি দুধেল গাভী এবং আমিনুল মাষ্টারের একটি ৬ মাসের বাছুর মারা যায়। এছাড়া শহরের বানিয়াপাড়ার আমিনুল, মমিন, অব্বাস, রবিউলের ৬টি বাছুরসহ ১০টি গরু ক্ষুরা রোগে মারা যায়। এদিকে পৌরসভার কুন্দল, বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামে ৩ হাজার গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মহামারী নয় কিছু এলাকায় এর সংক্রমণ হয়েছে। পশু মালিকদের অনাগ্রহের কারণে গরুর ভ্যাকসিন না দেয়ায় ক্ষুরা রোগের ভাইরাস ছড়িয়ে পড়েছে।