যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত বুধবার বলেছেন, ভবিষ্যতে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির বিষয়টি নিয়ে তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছেছেন। এই সমঝোতায় আফগানিস্তানের দাবি অনুসারে দেশটিতে দশকব্যাপী রক্তাক্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ভুলে হতাহত আফগানদের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমা চাওয়ার খবরটিও প্রত্যাখ্যান করেছেন কেরি।
স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে কেরি বলেন, এ চুক্তির সফলতা নিয়ে অনেকেই সন্দিহান হলেও তা বাস্তবায়ন হবে। তিনি আরো জানান, এ আলোচনায় যুক্তরাষ্ট্র নিজের বক্তব্য জানিয়েছে। কিন্তু পরবর্তী সিদ্ধান্ত আফগান বিধানসভা গ্রহণ করবে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, এ নিরাপত্তা চুক্তি আফগানিস্তানের পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুই হাজারেরও বেশি সদস্যবিশিষ্ট বিধানসভা লয়া জিরগার সাহায্য নেয়া হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের দীর্ঘ-প্রতীক্ষিত দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির বিষয়বস্তুর ওপর দেশটির দুই হাজারেরও বেশি জ্যেষ্ঠ ব্যক্তিকে নিয়ে গঠিত লয়া জিরগায় আলোচনা শুরু হয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ খসড়া চুক্তিটি প্রকাশ করেছে। তবে প্রকাশিত খসড়া চুক্তিটি কেরির আগের উল্লেখিত চুক্তি কিনা তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।
