পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখুয়া প্রদেশে মার্কিন ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন জঙ্গি রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। তালেবানদের সাথে পাকিস্তান কর্তৃপক্ষ শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার শর্ত হিসাবে মার্কিন ড্রোন হামলা বন্ধ রাখার দাবি জানিয়ে আসছিল। তাই এ ড্রোন হামলার কারণে ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের সম্পর্কের অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ ড্রোন হামলায় নিহত হওয়ার তিন সপ্তাহ পরে এ ড্রোন হামলার ঘটনা ঘটলো। খাইবার পাখতুনখুয়া প্রদেশে মার্কিন ড্রোন হামলায় নিহত দুই জঙ্গির নাম প্রকাশ করেছে পাকিস্তান পুলিশ। নিহত দুই জঙ্গি হলেন, আফগান হাক্কানি নেটওয়ার্কের মুফতি হামিদুল্লাহ এবং মুফতি আহমাদ জান।
২০১১ সালে কাবুলে মার্কিন দূতাবাসে হামলার পর হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করে আসছিল যুক্তরাষ্ট্র। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান তালেবানদের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে শর্ত দিয়েছিল, তারা যেন আর কোন ড্রোন হামলা না চালায়। কিন্তু তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদের সাথে শান্তি আলোচনার বিষয়টি চূড়ান্ত হওয়ার একদিন আগেই ড্রোন হামলায় নিহত হন তিনি। শান্তি আলোচনার পথ কঠিন হয়ে পড়ে তখন। আর সামপ্রতিক এ হামলার পর শান্তি আলোচনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
