জে পি মরগানকে ১৩শ’ কোটি ডলার জরিমানা

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:০২
যুক্তরাষ্ট্রের আবাসন খাতকে কেন্দ্র করে সৃষ্ট অর্থনৈতিক সংকটের সময় বিনিয়োগকারীদের ভুল বোঝানোর দায়ে ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পদক্ষেপের কারণে দেশটির জে পি মরগান ব্যাংককে রেকর্ড ১৩শ’ কোটি ডলার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা এ খবর জানান। দেশটির কোনো কর্পোরেশনের বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্র সরকারের করা সবচেয়ে বড় অংকের জরিমানা। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন খাত নিয়ে সৃষ্ট সংকটের মূলে ছিল, ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ মর্টগেজ তৈরি করে তা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। এই মর্টগেজগুলোকে নিরাপদ বিনিয়োগ বলে ভেবেছিল বিনিয়োগকারীরা। কিন্তু বিনিয়োগের ঝুঁকি বাস্তব রুপ নিতে শুরু করলে বিনিয়োগকারীরা ব্যাংকের ওপর আস্থা হারিয়ে ফেলে। আর এতেই আবাসন খাতে সৃষ্ট সংকট অর্থনৈতিক সংকট হিসেবে দেখা দেয়। আদালতের বাইরে জে পি মরগ্যান চেস এন্ড কোং-এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের এই আর্থিক সমঝোতায় দু’পক্ষের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা স্নায়ুক্ষয়ী দরকষাকষির অবসান হয়। জে পি মরগান আদালতের মুখোমুখি হওয়া এড়াতে চাচ্ছিল, অপরদিকে অর্থনৈতিক সংকট সৃষ্টিকারী ব্যাংকগুলোর আচরণের জবাবদিহিতা নিশ্চিত করার চাপে ছিল যুক্তরাষ্ট্র সরকার। জে পি মরগানের পক্ষ থেকে “জনগণকে গুরুতর ভুল বোঝানোর” কথা স্বীকার করা হয়েছে, তবে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কোনো আইনের বরখেলাপ করেনি বলে দাবি করেছে। এক বিবৃতিতে জে পি মরগানের প্রধান জ্যামি ডিমন বলেছেন, “এই ব্যাপক সমঝোতার উপসংহারে পৌঁছতে পেরে আমরা সন্তুষ্ট।” জরিমানাকৃত ১৩শ’ কোটি ডলারের মধ্যে জে পি মরগানের কারণে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ৪শ’কোটি ডলার দেয়া হবে। সাতশ’ কোটি ডলার ব্যাংকের মর্টগেজ কিনে ক্ষতির শিকার হওয়া বিনিয়োগকারীদের দেয়া হবে। বাকি ২শ’ কোটি ডলার জরিমানা হিসেবে সরকারি কোষাগারে জমা হবে।