পাকিস্তানের অস্থিরতা কবলিত উত্তর ওয়াজিরিস্তানের মির আলি টাউনে আত্মঘাতী হামলার প্রস্তুতিকালে বিস্ফোরণে অন্ততপক্ষে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন।
মিরালি তেহশিলের মোসাকি গ্রামের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। কিন্তু দুর্ঘটনাক্রমে বিস্ফোরকভর্তি গাড়িটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চার জঙ্গি নিহত হন। মির আলি হাসপাতালে নেয়ার পর আরো তিন জঙ্গি মারা যায়। নিহতদের মধ্যে বান্নু অঞ্চলের বাকা খেল এলাকার তালেবান নেতা সফিউদ্দিনও আছেন বলে জানা গেছে। তালেবানের পক্ষ থেকেও সফিউদ্দিনের নিহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
