রাজধানীর মশা নিধনে পুরনো পদ্ধতি আর নয়, এ পদ্ধতি পরিবর্তন করতে হবে। সে সাথে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা ও মুম্বাইয়ের মশা নিধনের কার্যক্রম অনুসরণ করা যায় কিনা তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে রাজধানীর মশা নিধনের ব্যাপারে আলোচনা করা হয়। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় মশা নিধনে পুরোন পদ্ধতিতে কোন কাজ হচ্ছে না বলে কমিটি মত প্রকাশ করে। কমিটি মনে করছে, মশা নিধনে পুরানো পদ্ধতির পরিবর্তে নতুন পদ্ধতি চালু করা প্রয়োজন। আর এ জন্য প্রয়োজনে যে কোন বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা যায় কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দেয়া হয়েছে। সে সাথে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে মশা নিধনে যে ধরনের কার্যক্রম চলছে তা অনুসরণ করার সুপারিশ করা হয়।
এদিকে কমিটি আগামী মাসের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ঠিকাদারদের সকল বকেয়া পরিশোধ করতে বলেছে। তাছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে চলমান প্রকল্পগুলোর প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও সুপারিশ করা হয়। এর আগে সংসদীয় স্থায়ী কমিটি যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সকল দফতর, অধিদফতর ও পরিদফতর এবং সংস্থাগুলোর বর্তমান সরকারের সময় উন্নয়ন কর্মকাণ্ডের সারাংশ প্রতিবেদন আকারে কমিটিতে উপস্থাপন করা হয়। বৈঠকে বর্তমান সরকারের পাঁচ বছরে এ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি বই প্রকাশের সুপারিশ করা হয়।
কমিটির সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, মো. মনোয়ার হোসেন চৌধুরী, মো. আশরাফ আলী খান খসরু এবং বেগম আশরাফুন নেছা মোশারফ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
