রাজধানীর মগবাজারে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন মাসুম বিল্লা জয় নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে মগবাজার মোড়ে একটি ফাস্ট ফুটের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জয়কে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জয় জানিয়েছেন, গতকাল সকাল সাতটার দিকে তিনি যথারীতি দোকান খোলেন। এসময় এক যুবক মোটর সাইকেল নিয়ে তার দোকানে এসে একশত ক্যান কোমল পানীয়ের অর্ডার দেন। সে অনুযায়ী তা দেয়ার জন্য তিনি বসা থেকে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঐ যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার চিত্কারে লোকজন এগিয়ে এলে ঐ যুবক কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলি করার কারণ সম্পর্কে জয় বলেন, স্থানীয় সন্ত্রাসী রবিন তার কাছে কিছুদিন ধরে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল। সেই টাকা না দেয়ার কারণে সপ্তাহ খানেক আগে মোবাইল ফোনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয় রবিন। এ কারণেই তাকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয় বলে তিনি জানান।
জয় উত্তর শাহজাহানপুর আমতলী মসজিদ এলাকার বাসিন্দা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন, জয় আশংকামুক্ত। এ ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
