রাজধানীর শনির আখড়ায় ফুটপাতের অস্থায়ী ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দক্ষিণ শেখদির বাঁশপট্টি এলাকার অধ্যক্ষ এরশাদ উল্লাহ সড়কের ফুটপাতে পলিথিন দিয়ে তৈরি একটি সবজির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
