গৌরীপুরের স্কুল ভবনে ফাটল ক্লাস চলে খোলা মাঠে

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫১
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিম্মতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দেয়ায় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে ভবন ধসের আশঙ্কায় শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে প্রবেশ করছে না। ফলে বাধ্য হয়েই রোদ, বৃষ্টিকে উপেক্ষা করে বিদ্যালয়ের শিক্ষকরা খোলা আকাশের নিচে দীর্ঘ ৫ মাস ধরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। এর ফলে একদিকে যেমন শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে অন্যদিকে কোমলমতি শিশুদের কষ্ট দিন দিন বেড়েই চলছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) তত্ত্বাবধানে ১৯৯৪-৯৫ অর্থ বছরে হিম্মতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। ২০১৩ সালের জুন মাসে সর্বপ্রথম বিদ্যালয় ভবনের ছাদে ফাটল দেখা দেয়, এরপর থেকে বিভিন্ন সময় দেয়ালের পলেস্তার খসে পড়া, ভিমসহ একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ভবন ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের করে ভবন নির্মাণ ও সঠিক তদারকি না করায় ভবনটি ব্যবহারের অযোগ্য ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে যে কোনা সময় ভবন ধসে দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরাফ উদ্দিন জানান, অফিস কক্ষ ছাড়া বর্তমানে বিদ্যালয়ে ৩টি কক্ষই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবন ধসের ভয়ে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ঢুকছে না। গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বিষয়টি আমরা উপজেলা শিক্ষা কমিটির মিটিংয়ে প্রস্তাবনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।