কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে ১২ জেলেসহ এফবি সাজেদা-১ নামের একটি মাছ ধরা ট্রলার অপহরণ করেছে সোহাগ চৌধুরীর নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল জলদস্যু। গত ১১ নভেম্বরের এ ঘটনায় দুইদিন পর ট্রলারের ১২ জেলেকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামের ফিসারী ঘাটের কালু সওদাগরের ট্রলার উদ্ধার করলেও এখনও উদ্ধার হয়নি অপহূত ট্রলারটি। এ ঘটনায় ট্রলার মালিক দেলোয়ার মোল্ল¬া কলাপাড়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চট্টগামের বাঁশখালী উপজেলার বদি আহম্মেদ চৌধুরীর ছেলে জলদস্যু সোহাগ চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার এজাহার দাখিল করেছেন। আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারটি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
