ভুরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ মেম্বারের অভিযোগ

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৫
ভুরুঙ্গামারীতে সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিচার দাবি করে ১০ ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে। গত বুধবার লিখিত আবেদনে জানানো হয়েছে , ইউনিয়ন পরিষদের মিটিংয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের ব্যাপারে যে সকল সিদ্ধান্ত গৃহিত হয় তা রেজ্যুলেশনে উত্তোলন না করে চেয়ারম্যান নিজের পছন্দ মোতাবেক প্রকল্প রেজ্যুলেশনে উত্তোলন করে কর্তৃপক্ষ বরাবর দাখিল করেন। ২০১২-২০১৩ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পে মেম্বারগণ স্বাক্ষর করলেও অদ্যাবধি তা বাস্তবায়ন করা হয়নি। এ ব্যাপারে মেম্বাররা জিজ্ঞাসা করলে তিনি নিজেই সকল প্রকল্প করবেন বলে তাদের জানিয়েছেন। ২০১৩ -২০১৪ অর্থবছরের টি আর প্রকল্প পরিষদের রেজ্যুলেশন ব্যতিরেকে তিনি একক ভাবে দাখিল করেছেন। এ ছাড়া ৪০ দিনের কর্মসূচির ব্যাপারে পরিষদের কোন সিদ্ধান্ত না নিয়ে তিনি একক ভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, মেম্বারদের সাথে অশালীন আচরণ,অনুমতি নিয়ে তার কক্ষে প্রবেশসহ বিভিন্ন হুমকি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, উক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, ইউপি মেম্বারের সাথে অশালীন আচরণের অভিযোগ রয়েছে। চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় এ ব্যাপারে কেউই মুখ খুলতে নারাজ। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছে। স্বাক্ষরকারী ইউপি সদস্যরা হলেন আব্দুল হাই, বাবুল হোসেন, বাবর আলী , আজিজুল হক, সহিদুল ইসলাম ,পরিমল চন্দ্র, নাছির উদ্দিন, আব্দুস সালাম,নাজমা বেগম ও রওশন আরা।