সৈয়দপুরে ২০ লাখ টাকা প্রতারণা: প্রতারক আটক

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৫
নীলফামারীর সৈয়দপুরে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারক চক্রের হোতা জহিরুল ইসলামকে (৪৫) গতকাল শুক্রবার পুলিশ আটক করেছে এবং জব্দ করা হয়েছে ভুয়া কাগজপত্রও। মাদার শাহ্ ফকির ওয়াক্ফ এস্টেট নামের ধর্মীয় প্রতিষ্ঠানটিতে অংশীদার হওয়ার লোভ দেখিয়ে সদস্যদের ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। এতে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতরা সদস্যভুক্তি ও কিস্তির নামে ওই টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড সন্দেহ হলে ঘটনার দিন প্রতিষ্ঠানের সচিব জহিরুল ইসলামকে আটকে রেখে বিষয়টি পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে জানানো হয়। এ অভিযোগ যাচাইয়ে মেয়রের দায়িত্বপ্রাপ্ত পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া ও প্যানেল মেয়র-২ জোবাইদুল ইসলাম মিন্টু শহরের কাজীপাড়ায় গিয়ে ওয়াক্ফ এস্টেটের সচিব জহিরুল ইসলামকে তার প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার ঘটনা ফাঁস হয়ে পড়ে। পরে তাকে প্রতারণার দায়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় প্যানেল মেয়র বাদী হয়ে থানায় একটি মামলা দাযের করেন। মামলায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আরও ৫ জনকে আসামি করা হয়েছে। প্রতারক জহিরুলের বাড়ি রাজধানী ঢাকার পুরানা পল্টন এলাকায়।