ভাঙ্গায় কৃষক সমিতির র্যালি
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ কমিউনিস্ট পার্টির সংগঠন কৃষক সমিতির জাতীয় মহাসমাবেশ ২ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুরে। বৃহস্পতিবার সমাবেশে যোগ দেয়ার পূর্বে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসদর থেকে শতশত কৃষক ও কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা র্যালি ও লাঠি লেখার আয়োজন করে। বিশ্বরোড মোড় সড়ক ও জনপথের ডাকবাংলা থেকে সুসজ্জিত র্যালিটি উপজেলা চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে।
ঈশ্বরদীতে মতবিনিময় সভা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ মনিটরিং না থাকায় মুলাডুলিসহ ঈশ্বরদীতে সামাজিক নিরাপত্তা প্রকল্প সরকারের নীতিমালা অনুযায়ী স্বচ্ছ ভাবে বাস্তবায়িত হচ্ছে না। ঈশ্বরদীতে স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের আয়োজনে মুলাডুলি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত স্থানীয় সরকার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সেলিম হোসেন মালিথা এ কথা বলেন। ২১ নভেম্বর মতবিনিময় সভায় ইউপি বোর্ড, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম পাবনা জেলার সভাপতি স্বপন কুমার কুন্ডু।
শ্রীপুরে নারী উন্নয়ন ফোরামের সভা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ বৃহস্পতিবার মাগুরা শ্রীপুর পরিষদ মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছাঃ নারগিস সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক মোঃ আব্দুল হান্নান বিশ্বাস।
পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের ১৫ জন গ্রামীণ দরিদ্র নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন ৫ম ব্যাচে এই ১৫ নারীকে ৬ মাসের প্রশিক্ষণ প্রদান করে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. সহিদুল হক।
যমুনায় ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ সারিয়াকান্দির ঐতিহ্যবাহী চন্দনবাইশা এলাকাকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে বৃহস্পতিবার চন্দনবাইশা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সাবেক সংসদ সদস্য তাহেরুল ইসলাম মানিকের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে কুতুবপুর, চন্দনবাইশা, কামালপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
দেলদুয়ারের শাহানাজ পল্লীবিদ্যুতের শ্রেষ্ঠ কর্মচারি
দেলদুয়ার (টাঙ্গাইল ) সংবাদদাতা \ দেশের ৭০টি পল্লীবিদ্যুত্ সমিতির মাত্র শাহনাজই পেয়েছেন শ্রেষ্ঠ কর্মচারীর (বিলিং সেকশন ) পুরস্কার। জাতীয় বিদ্যুত্ সপ্তাহ ২০১৩ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রেষ্ঠ কর্মচারী (বিলিং সেকশন) হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন। শাহানাজ টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর দেলদুয়ার জোনাল অফিসে কর্মরত। তার স্বামীর নাম সিরাজুল ইসলাম।
জলঢাকায় পুলিশ কনস্টেবলের মৃত্যুতে ২ শিবিরকর্মী আটক
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকায় গত বুধবার রাতে আহত আজিজুর রহমান (৫০) নামে এক পুলিশ সদস্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি গত ২৫ অক্টোবর জামায়াত শিবির ও র্যাব-পুলিশ সংঘর্ষে আহত হন। নিহত আজিজুর রহমান কাউনিয়া উপজেলার মহেষা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসাদুল ইসলাম ও মনিরুজ্জামান মিঠু নামে দুই শিবিরকর্মী আটক করেছে।
শিবালয়ে উত্তরা ব্যাংকের অফিস উদ্বোধন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ উত্তরা ব্যাংক লিমিটেড শিবালয় শাখার নতুন অফিস টেপড়া বাসস্ট্যান্ডের ‘রাজ্জাক প্লাজা’য় স্থানান্তর করা হচ্ছে। শাখা ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার রাজ্জাক প্লাজায় ২য় তলায় নতুন অফিস উদ্বোধন করেন উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আব্দুল আজিজ।
সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সভা বৃহস্পতিবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি আবু-বিন-আজাদ। সভায় সর্বসম্মতিক্রমে সময় ও সমকাল প্রতিনিধি সাকির হোসেন বাদলকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন প্রথম আলো প্রতিনিধি এম.আর আলম ঝন্টু ও দৈনিক নীলফামারী বার্তার স্টাফ রিপোর্টার এম. ওমর ফারুক।
নাঙ্গলকোটে বিএনপি নেতার মতবিনিমিয়
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভুঁইয়া গতকাল শুক্রবার নাঙ্গলকোট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতা নজির আহমেদ ভুঁইয়া, অধ্যাপক নূরুল্লা মজুমদার, গোলাম রসুল চেয়ারম্যান, আলী আক্কাস চেয়ারম্যান, মাজহারুল ইসলাম চেয়ারম্যান, আনোয়ার হোসেন নয়ন, কলিম উল্লাহ চেয়ারম্যানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ
ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া ইউনিয়নের আয়োজনে সেইভ দ্য চিলড্রেন এর অর্থায়নে এবং বেকিং দ্য সাইলেন্স ও স্থানীয় তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় শিশু নির্যাতন ও শিশু বিবাহ প্রতিরোধে র্যালি, কমিউনিটি সমাবেশ ও খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি সমাবেশে সেইভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির।
গৌরিপুরে আওয়ামী লীগ নেতার গণসংযোগ
গৌরিপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মোহাম্মদ ফেরদৌস আলম ময়মনসিংহের গৌরিপুর আসনে মনোনয়ন দাখিলের পর বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন। গৌরিপুরের মইলাকান্দা, মেহিডাঙ্গা, গৌবিন্দপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
মধুপুরে রাইট টু ইনফরমেশন বিষয়ক কর্মশালা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ কারিতাস ও জয়েনশাহী আদিবাসি উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে রাইট টু ইনফরমেশন বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ডাঃ মির ফরহাদুল আলম মনি, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক।
ছাগলনাইয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ নোয়াখালী শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সাথী মাহমুদুল হাসান পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে এবং কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইনসহ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বৃহস্পতিবার পৌর শহরে ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ রোড কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
টেকনাফে পরীক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে কৌশলে পরীক্ষার খাতা চুরি করে কেন্দ্র ত্যাগ করার দায়ে টেকনাফে এক জেএসসি পরীক্ষার্থী ও পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার টেকনাফ পাইলট হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষার্থীর নাম আবদুল আজিজ। সে টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড (বিজিবি) স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। পরিদর্শকের নাম রেহানা আক্তার উর্মি।
দামুড়হুদার সীমান্তে গুলি অস্ত্র ও ফেন্সিডিল জব্দ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদার নীমতলা সীমান্তে ৩ রাউন্ড গুলিসহ ১টি ভারতীয় পিস্তল ও ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ছয়টায় নীমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৭৩ নম্বর মেইন পিলারের কাছে সীমান্ত সংলগ্ন মেহগনি বাগানে অভিযান চালিয়ে চোরাচালানীদের ধাওয়া করে। এ সময় চোরাচালানীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ১টি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেন্সিডিলসহ একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
আড়াইহাজারে মতবিনিময় সভা
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজার উপজেলার রোকনউদ্দিন মোল্লা গার্লস কলেজের অধ্যক্ষের যোগদান উপলক্ষে বৃহস্পতিবার কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, নির্বাহী কর্মকর্তা গুলশান আরা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হক।
আত্রাইয়ের বিপ্লব বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ আত্রাই উপজেলার পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কহিদুল ইসলাম বিপ্লব রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৯ সালের ১৭ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। জাতীয় প্রাথমিক শিক্ষাহ সপ্তাহ-২০১৪ এবং প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ প্রদান কর্মসূচীতে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার পর রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
