আসিফ-শশীর ‘বেদনার আলপিন’

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৬
লম্বা প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেতে যাচ্ছে আসিফ-শশীর ‘বেদনার আলপিন’। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে অ্যালবামটি প্রকাশ পাচ্ছে আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে। এরই মধ্যে অ্যালবামে স্থান পাওয়া ১২টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দীর্ঘ বিরতীর পর অ্যালবামের সবগুলো গানের কথা-সুর তৈরি করেছেন অডিও বাজারের সর্বাধিক সফল জুটি গীতিকার প্রদীপ সাহা এবং সুরকার রাজেশ। ‘বেদনার আলপিন’-এ স্থান পাওয়া ১২টি গানের মধ্যে ১০টি গানই মৌলিক। দু’টি গান কিশোর কুমারের। গান দু’টি হলো ‘আমার স্বপ্ন তুমি’ এবং ‘আমার স্বপ্ন যে’। দু’টি গানেই দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ-শশী। অ্যালবামে বাকি গানের শিরোনামগুলো হলো ‘এমন বেদনার আলপিন’, ‘দলছুট মন’, ‘তুমি ছাড়া’, ‘জীবনে কি পাবো’ প্রভৃতি। ‘বেদনার আলপিন’ প্রসঙ্গে আসিফ বলেন, ‘অনেকদিন ধরে এই অ্যালবামটির গানগুলো তৈরি করছি। চেষ্টা করেছি ১০টি অসাধারন কথা-সুরের বৈচিত্রময় রোমান্টিক গান উপহার দিতে। বোনাস ট্র্যাক হিসেবে আরও চেষ্টা করেছি কিশোর কুমারের দু’টি বিখ্যাত গান কণ্ঠে তোলার। সব মিলিয়ে আশা করছি সবার ভালো লাগবে। এদিকে ক্লোজআপ তারকা শশী বলেন, ‘এর আগে আসিফ ভাইয়ার সঙ্গে অডিওতে দু’টি গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এবার একসঙ্গে পুরো অ্যালবাম! কেমন গেয়েছি জানি না, তবে পুরো অ্যালবামটি নিয়ে আমরা খুব খেটেছি। চেষ্টা করেছি ভালো কিছু গান উপহার দেওয়ার।’