আগামী ২৮ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহত্ আসর ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উত্সব ২০১৩’। এ উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেছেন উত্সব আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, স্ট্র্যাটেজিক পার্টনার ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সমপ্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এবারের উত্সব আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করেন তারা। স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ২৩ নভেম্বর রাত ৯টায়। উল্লেখ্য, ২৮ নভেম্বর বিকাল ৫টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে পর্দা উঠবে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উত্সব ২০১৩’-এর। শেষ হবে ১ ডিসেম্বর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বোম্বে জয়শ্রী, পণ্ডিত অজয় চক্রবর্তীসহ উপমহাদেশের অনেক খ্যাতিমান শিল্পী সংগীত পরিবেশন করবেন এতে।
