বায়ার্নের সামনে আজ ইনজুরিগ্রস্ত ডর্টমুন্ড

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:০৬
বিশ্বকাপ বাছাইপর্বের সপ্তাহ দুয়েকের বিরতি শেষে আজ থেকে আবার পুরোদমে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবল। আর সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচে বুন্দেসলিগায় আজ মাঠে নামছে দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড। লিগের অন্য যে কোন দলের চেয়ে বায়ার্নের বিরুদ্ধে বরুশিয়ার রেকর্ড ভালো হলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লিগ রানার্স আপদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ, গত বছর দুই ক্ষেত্রেই বায়ার্নের পেছনে দ্বিতীয় স্থানে থেকে শেষ করা বরুশিয়া এই মুহূর্তে লিগ পয়েন্ট টেবিলে বায়ার্নের চেয়ে পিছিয়ে আছে চার পয়েন্ট। ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে আজকের ম্যাচে জিততে পারলে সেই ব্যবধান নেমে আসবে মাত্র এক এ। অথচ, দারুণ গুরুত্বপূর্ণ এই সময়ে কোন জার্গেন ক্লপ পাচ্ছেন না দুই সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাটস হ্যামেলস এবং নেভেন সাবোটিককে। ইনজুরির কারণে দুইজনকেই অন্তত এক মাস থাকতে হবে মাঠের বাইরে। লেফট ব্যাক মার্সেল স্কিমেলজার এবং লুকাস পিজেককেও কেড়ে নিয়েছে ইনজুরি। জার্মান জাতীয় দলের খেলোয়াড় স্কিমেলজারও অন্তত সপ্তাহ তিনেকের আগে মাঠে ফিরতে পারছেন না। অন্যদিকে পোলিশ ডিফেন্ডার পিজেক কোমড়ে দু্’দফা অস্ত্রপচার শেষে মাত্রই ফিরেছেন দলে, পুনর্বাসন সময় শেষ হয়নি তার। ইনজুরি সমস্যা মোকাবেলায় ক্লপ দ্বারস্থ হয়েছেন আরেক জার্মান ম্যানুয়েল ফ্রেইডরিখের। কোন দলের সঙ্গেই স্থায়ী চুক্তিতে না থাকা এই সাবেক লেভারকুজেন তারকা অবশ্য এ মৌসুমে খেলেননি একটি ম্যাচও। যদিও, ম্যাচ খেলার মতো ফিট আছেন তিনি। রক্ষণভাগসহ পুরো দলের এমন ইনজুরি বিপর্যয়ে অনেকটা বিস্মিতই দলের প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যান্স জোয়াকিম ওয়াটজকে। হ্যান্স বলেন, ‘ডর্টমুন্ডে এমন কঠিন পরিস্থিতিতে আমাকে কখনই পড়তে হয়নি। যে রক্ষণভাগ নিয়ে আমরা (২০১২) সালে ডাবল জিতেছি তা এখন পুরোপুরিই ভেঙ্গে পড়েছে। আমাদের জন্য এখন শিরোপা নিয়ে ভাবার সময় নয়। আমরা শুধু তাদের (বায়ার্ন) পেছনে থাকতে চাই।’ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গত মৌসুমে ডর্টমুন্ডকে হারিয়ে ট্রেবল জেতা বায়ার্ন আজ চাইবে মৌসুম উদ্বোধনী ম্যাচ জার্মান সুপার কাপের ফাইনালে হারের প্রতিবাদ নিতে। আর সেটা করতে পারলে পেপ গার্দিওলার দল তাদের ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে টেনে নেবে আরেকটু দূরে। তবে ইনজুরি সমস্যা আছে বায়ার্ন শিবিরেও। ফ্রান্স দলের জার্সি গায়ে ইউক্রেনকে ৩-০ গোলে হারানোর রাতে পাজরে গুরুতর আঘাত পাওয়ায় গার্দিওলা দলে পাচ্ছেন না তার সেরা অস্ত্র ফ্রাঙ্ক রিবেরিকে। থাকছেন না মধ্যমাঠের আরেক সেনানী বাস্তিয়ান শোয়েনস্টেইগারও। তবে ইনজুরি কাটিয়ে ফেরা জেরোম বোয়েটাং হয়তো মাঠে নামছেন আজ। এদিকে আজকের ম্যাচটা বিশেষ হয়ে থাকছে বায়ার্ন ফরোয়ার্ড মারিয়ো গোয়েটজের জন্য। প্রায় পাঁচ বছর ডর্টমুন্ডে কাটানোর পর এ মৌসুমেই ব্যাভারিয়ান ক্লাবটিতে যোগ দেয়া এই জার্মান আজই প্রথমবারের মতো বায়ার্নের জার্সি গায়ে যাচ্ছেন নিজের পুরনো ঠিকানায়। তবে আজও সমর্থকদের কাছ থেকে আগের ভালবাসাটাই পাবেন বলে মনে করছেন গোয়েটজের সাবেক সতীর্থ ইলকে গোয়ানডোগান,‘আমার মনে হয় বিপুল পরিমাণ শ্রদ্ধা নিয়েই সে মাঠে নামবে। কারণ, সে জানে ডর্টমুন্ডের কাছে সে কতটা ঋণী। তবে লাল জার্সি গায়ে তাকে দেখাটা হয়তো কিছুটা অস্বাভাবিকই মনে হবে। তবে আমি তাকে এখনো সতীর্থই ভাবি। আমার মনে হয় সমর্থকরাও তার উদ্দেশ্যে দুয়ো ছুঁড়বে না। কারণ বিষয়টি যখন ফুটবল, তখন এর সাথে প্রচুর আবেগ জড়িয়ে থাকবে সন্দেহ নেই।’