শিশুদের ফিটনেস কমছে
বিশ্বব্যাপী এক স্বাস্থ্য জরিপ বলছে, বহু দেশে বর্তমান প্রজন্মের শিশুদের শারীরিক সক্ষমতা তাদের আগের প্রজন্মের থেকে কমে যাচ্ছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষকরা ২৮টি দেশে আড়াই কোটি শিশুর ওপর জরিপ চালিয়ে এবং ৪৬ বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, আজকের শিশুদের তাদের বাবা ও দাদার তুলনায় ফিটনেস কম। ৯ থেকে ১৭ বছরের ছেলেমেয়েদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। —বিবিসি
পেসমেকারের দেহ বদল
ব্রিটেনে ৪০ হাজারের মতো হূদরোগে আক্রান্ত মানুষ পেসমেকার ব্যবহার করেন। ব্যাটারিচালিত এই যন্ত্র হূদস্পন্দনে সহায়তা করে। অন্যদিকে বিশ্বের গরিব দেশগুলোর বহু মানুষ এই যন্ত্র ব্যয়বহুল বিধায় তা ব্যবহার করতে না পেরে মারা যাচ্ছেন। ব্রিটেনের একটি দাতব্য সংস্থা বলছে পেসমেকার ব্যবহারকারীর মৃত্যুর পর তা পুনরায় অন্য দেহে ব্যবহার করা যায়। সংগঠনটি বলছে ব্যবহারকারীর মৃত্যুর পর যন্ত্রটি নষ্ট হয়ে যায় না। —বিবিসি
দামী শিল্পী ম্যাডোনা
বিশ্বে সবচেয়ে দামী সঙ্গীত শিল্পীর নামের তালিকায় ম্যাডোনার নাম শীর্ষে উঠে এসেছে। এ বছরের জুন পর্যন্ত তার আয় ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বিজনেস ম্যাগাজিন ফোর্বস মঙ্গলবার এ কথা জানায়। ম্যাডোনার কনসার্ট টু’র এবং ম্যাডোনা সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য বিক্রি থেকে এ পরিমাণ অর্থ আয় হয়। আট কোটি ডলার আয় করে এর পরের অবস্থানে রয়েছেন লেডি গাগা। সাত কোটি ৯০ লাখ ডলার আয় করে প্রবীণ রক স্টার বন জভি তৃতীয় অবস্থানে রয়েছেন। —এএফপি
নরওয়ে ইলেকট্রিক গাড়ি বাড়ছে
নরওয়েতে গত তিন বছর ধরে ইলেকট্রিক গাড়ি বিক্রির হার দ্রুত বাড়ছে। এই সাফল্যের পেছনে অবশ্য কাজ করছে ইলেকট্রিক গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন সংগঠনের দীর্ঘদিনের প্রচেষ্টা। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এসব গাড়ি বিক্রিতে সহায়ক ভূমিকা রাখছে, মনে করেন বিশেষজ্ঞরা। ২০১৩ সালে সেদেশে বিক্রি হওয়া গাড়ির নয় শতাংশ ইলেকট্রিক কার। ইলেকট্রিক গাড়ির বিক্রি দ্রুত বাড়ার ইতিবাচক প্রভাব পরিবেশের উপরও পড়তে শুরু করেছে। —ডয়েচে ভেলে
