গত সপ্তাহে বিক্রি শুরু হয়েছে সনির গেম কনসোল প্লেস্টেশনের সর্বশেষ সংস্করণ প্লেস্টেশন ৪। এর এক সপ্তাহের মাথায়ই বিক্রি শুরু হলো মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্সের সর্বশেষ সংস্করণ এক্সবক্স ওয়ান। ঘোষণা ছিল আগেই। সেই অনুযায়ী গত শুক্রবার মধ্যরাতে ১৩টি দেশে একযোগে বিক্রি শুরু হয়েছে এক্সবক্স ওয়ান। এ উপলক্ষে লন্ডন, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করে মাইক্রোসফট। দীর্ঘদিন ধরেই নতুন এই গেম কনসোল নিয়ে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছে মাইক্রোসফট। বিশেষ করে একে সাধারণ একটি গেম কনসোল হিসেবে ব্যবহার না করে বরং একটি পূর্ণাঙ্গ বিনোদন ডিভাইস হিসেবেই একে পরিচয় দিচ্ছে তারা। সেই হিসেবে গ্রাহকদের আগ্রহও ছিল এই কনসোলটির প্রতি। তারই প্রমাণ মিলল এটি বিক্রি শুরু হওয়ার পর। যেসব নির্ধারিত স্টোরে এক্সবক্স ওয়ান বিক্রির কথা ছিল, সেগুলোতে বিক্রি শুরুর ১০/১২ ঘণ্টা আগে থেকেই ছিল আগ্রহী ক্রেতাদের ভিড়। আর বিক্রির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ১ মিলিয়নেরও বেশি এক্সবক্স ওয়ান বিক্রি হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এর বড় একটি অংশই বিক্রি হয়ে গেছে প্রি-অর্ডারে। এক্সবক্স ওয়ানের বিক্রির সাফল্য সম্পর্কে এক্সবক্সের মার্কেটিং অ্যন্ড স্ট্র্যাটেজি বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘এক্সবক্স ভক্তদের উত্সাহ-উদ্দীপনায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ডিভাইসটির জন্য যেভাবে ভক্তরা দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সামনের দিনগুলোতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী এক্সবক্সের আরও নতুন নতুন সংস্করণ নিয়ে আসার বিষয়ে আশাবাদী।’ মাইক্রোসফট জানিয়েছে, এক্সবক্স ওয়ানের জন্য শুরুতেই ২২টি গেম উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০টি গেম কেবল এক্সবক্স ওয়ানের জন্যই ডিজাইন করা হয়েছে। এদিকে ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, অডিও স্ট্রিমিংসহ পুরো একটি সোস্যাল মিডিয়া হাব হিসেবেই একে তৈরি করা হয়েছ বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে গেম কনসোলের বাইরেও একটি পূর্ণাঙ্গ এন্টারটেইনমেন্ট ডিভাইস হিসেবেই এটি বাজারে জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছে মাইক্রোসফট।
