রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার দিকে চেয়ে আছে মানুষ :গভর্নর

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২০:১৩
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আত্মঘাতী রাজনৈতিক পরিস্থিতি থেকে রেহাই পেতে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার দিকে চেয়ে আছে দেশের মানুষ। দেশে বর্তমানে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে মার্কেন্টাইল ব্যাংকের আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গভর্নর বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অবকাঠামোগত সুবিধার অভাবে বিনিয়োগ কমে যায়। আর বিনিয়োগ কমে গেলে ব্যাংকগুলোর তারল্য উদ্বৃত্ত থাকে। খেলাপী ঋণও বেড়ে যায়। তাই আত্মঘাতী রাজনৈতিক পরিস্থিতি থেকে রেহাই পেতে রাজনৈতিক সদিচ্ছার দিকে চেয়ে আছে দেশের মানুষ। তিনি বলেন, মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। এ সম্ভাবনাকে সফল করতে উত্পাদন সক্ষমতা ও দক্ষতা, দেশি-বিদেশি বিনিয়োগ, পর্যাপ্ত অবকাঠামো এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আতিউর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশের আর্থ-সামাজিক অগ্রগতির পথে দৃঢ় পদক্ষেপেই এগুচ্ছে বাংলাদেশ। চলমান বৈশ্বিক আর্থিক মন্দা ও অভ্যন্তরীণ অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও গত পাঁচ বছর ধরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৬ শতাংশের বেশি হারে অর্জিত হয়েছে। মূল্যস্ফীতির হার ক্রমান্বয়ে কমছে। চলতি অর্থবছরের অক্টোবর মাস শেষে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাত দশমিক তিন শতাংশ। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমানউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক, পরিচালক আকরাম হোসেন, এএসএম ফিরোজ, মোহাম্মদ সেলিম, এম এ খান বেলাল এবং ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বছর জুনিয়র, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ৭৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এর মধ্যে অনুষ্ঠান শেষে ঢাকা বিভাগের ১৭৪ জন শিক্ষার্থীকে চেক ও সনদপত্র প্রদান করা হয়। অন্য শিক্ষার্থীদের দেশের ৯টি শাখার মাধ্যমে চেক ও সনদ প্রদান করা হবে।