হাফ ডজন চলচ্চিত্রে নবাগতা মিশু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২০:১৮
‘মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র বা টিভি নাটক যাই হোক না কেন তাতে ‘চকলেট হিরোইন’ হওয়ার লক্ষ্যে কাজ করছি না। আমার কাছে স্ক্রিনে যেটুকু কাজের সুযোগ আছে, তা পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই।’ এ প্রজন্মের নবাগতা অভিনেত্রী মিশু চৌধুরী নিজের ক্যারিয়ারের গল্প জানাতে এভাবেই বললেন কথাগুলো। শুরুটা টিভি নাটক দিয়ে হলেও খুব ধীরে ধীরে নিজেকে যেন চলচ্চিত্রে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছেন। এরই মধ্যে প্রায় হাফ ডজন চলচ্চিত্রে কাজ করছেন। এর ভেতরে ইসমত আরা চৌধুরীর ‘মায়ানগর’, শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’, নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ এবং শাহীন সুমনের ‘কেউ কথা রাখেনি’সহ একাধিক চলচ্চিত্র রয়েছে। তবে বিভিন্ন চলচ্চিত্রের একেক রকম চরিত্রে কাজ করছেন তিনি। এরপরও নিজের কাজের নেশা আর অভিনয়কে পেশা হিসেবে নিতেই চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও কাজ করতে চাইছেন। মিশু বলেন, ‘আমাদের দেশে চলচ্চিত্রের অবস্থা স্বাভাবিক। তবে এখনও কোন ক্যারেক্টার আর্টিস্ট চাইলেই শুধু সিনেমা করে টিকে থাকতে পারবে না। এ কারণেই অনেক সিনিয়র অভিনেতাকেও এখন টিভি নাটকের ওপর নির্ভর করতে হচ্ছে।’