নগরকান্দায় প্রতিবন্ধী জসিম পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৪
সবাই লেখে হাতে। কিন্তু হাতের পরিবর্তে পা দিয়ে লেখে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা দিচ্ছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের হতদরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের পুত্র শারীরিক প্রতিবন্ধী জসিম। জন্ম থেকেই দু’হাত না থাকলেও পা দিয়ে লেখাপড়াসহ চালিয়ে যাচ্ছে যাবতীয় কাজকর্ম। গত বুধবার থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পা দিয়ে লিখতে দেখা গেছে তাকে। সে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। চার ভাই এক বোনের মধ্যে বড় জসিম। জসিমের পিতা হানিফ মাতুব্বর বলেন, সংসারে অভাব-অনটনের মধ্যে ছেলে-মেয়েদের লেখাপড়া শিখাইতেছি। জসিম দুই পা দিয়ে লেখাপড়ার পাশা-পাশি ফুটবল খেলা, বঁড়শি দিয়ে মাছ ধরাসহ সংসারের বিভিন্ন কাজকর্ম করে থাকে।