শেরপুরে গত বৃহস্পতিবার আমন মৌসুমে গুটি ইউরিয়া প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আইএফডিসির কৃষি উত্পাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের উদ্যোগে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া কৃষি ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় চর শ্রীরামপুর গ্রামের কৃষক হায়দার আলীর ১০ শতক জমির বিনা-৭ ধান কাটা হয়। এতে ছিটানো বা গুঁড়া ইউরিয়ার চাইতে গুটি ইউরিয়া ব্যবহারে একরে ১৫ মণ ধান বেশি ফলন পাওয়া যায়। মাঠ দিবসের কৃষক সমাবেশে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি এবং আইএফডিসি-আপি প্রকল্পের প্রশিক্ষণ বিশেষজ্ঞ আবুল হোসেন মোল্লা ও ডিএইর প্রশিক্ষণ কর্মকর্তা ড. আব্দুল মুঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষক নূরুল ইসলাম মির্জার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এএমও আবুবকর ছিদ্দিক, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফুর, এসএএও আব্দুল মমিন, কৃষক হায়দার আলী, ধীরেন্দ্র চন্দ্র দে, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এতে হাওড়া ব্লকের শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
