বোমা বহনকালে বিস্ফোরণ, যুবক আহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৪৭
মিরপুরের শাহআলীতে শনিবার চটের ব্যাগে বোমা বহনের সময় বিস্ফোরণে শফিকুল ইসলাম শফিক নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনির ও আজিজ নামে স্থানীয় দুই বিএনপি নেতা বোমাসহ একটি ব্যাগ তাকে তাদের বাসায় পৌঁছে দিতে বলেছিল বলে আহত শফিক জানিয়েছেন। শফিক জানিয়েছেন, বেলা ২টার দিকে মিরপুরের বেড়িবাঁধ চটবাড়ি এলাকায় পূর্ব পরিচিত স্থানীয় বিএনপি নেতা মনির ও আজিজের সাথে তার দেখা হয়। এসময় মনির তাকে একটি চটের ব্যাগ ধরিয়ে দিয়ে পার্শ্ববর্তী তার বাসায় পৌঁছে দিতে বলে। চটের ব্যাগটি নিয়ে চায়না গার্ডেন বালুর মাঠ এলাকায় পৌঁছলে অসতর্কতাবশত হাত থেকে মাটিতে পড়ে যেতেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। তিনি ভ্যান চালক। চিকিত্সকরা জানিয়েছেন, শফিকের দুই হাত, মুখ, গলা ও চোখের কিছু অংশ ককটেলের স্প্লিন্টারে ঝলসে গেছে।