ফেনীর সকার ক্লাব ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এক নম্বর গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি, সাথে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও।
গতকাল শনিবার সকার ক্লাব ৩-২ গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারায়। বারিধারা এর আগে শেখ জামালের কাছেও হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হলো। অপরদিকে সকার ক্লাব ম্যাচটি জেতায় একই গ্রুপে থাকা শেখ জামালের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়ে গেল। আগামীকাল সকার ও জামালের গ্রুপের শেষ ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে সেই ম্যাচে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সকারের জয়টা খুব সহজে আসেনি। উত্তর বারিধারা ক্লাবের সাথে দারুণ লড়াইয়ে গোল ও পাল্টা গোলে এগিয়েছে খেলাটি। ৮ মিনিটে আজমল হোসেন বিদ্যুত্ গোল করলে এগিয়ে যায় সকার ক্লাব (১-০)। বিরতির ঠিক আগ মুহূর্তে বারিধারার মঞ্জুর রহমান মানিকের গোলে খেলায় সমতা আসে (১-১)। ৫৫ মিনিটে আলী হাসান গোলটি সকার ক্লাবকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেয় (২-১)। এর দুই মিনিটের ব্যবধানে বারিধারা ক্লাব খেলায় ফিরে আসে, গোল করেন খালেকুর জামেন (২-২)। শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আসে খেলা শেষ হওয়ার আট মিনিট আগে। উত্তর বারিধারা ডিফেন্ডারদের ভুলে সুযোগে সকার অধিনায়ক আকবর হোসেন রিদনের ক্রসে আলী হাসান দ্বিতীয় চেষ্টায় গোল করেন ৩-২।
