পাকিস্তানের বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী করাচিতে জোড়া বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। শুক্রবার করাচির ব্যস্ত এলাকা আঞ্চলিতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি প্রধানত শিয়া অধ্যুষিত। আশুরার দিন পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে শিয়া-সুন্নি সামপ্রদায়িক সংঘর্ষে আটজন নিহত হওয়ার পর থেকে পাকিস্তানজুড়ে দুটি সমপ্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাওয়ালপিন্ডির ওই ঘটনার জের ধরে আরো কয়েকটি এলাকায় সৃষ্ট সংঘর্ষে দুই সমপ্রদায়ের আরো কয়েকজন মারা যান। আঞ্চলিতে বিস্ফোরণের পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে জমায়েত হয়ে হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে।
