পুলিশকে থামিয়ে ব্রাদার্সের যাত্রা শুরু

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫৩
আফসোস করতে করতে মাঠ ছাড়ল পুলিশ ফুটবল দল। কারণ ব্রাদার্সের মতো শক্তিশালি দলকে হারানোর সুযোগ পেয়েও সেটি হলো না। জয় বঞ্চিত হলো পুলিশ। আর পিছিয়ে থাকা ব্রাদার্স ম্যাচ জিতে বেরিয়ে গেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল দিনের প্রথম ম্যাচে তিন নম্বর গ্রুপের খেলায় ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছে পুলিশকে। অথচ ম্যাচের ১৯ মিনিটে গোল করে এগিয়ে ছিল পুলিশ। কবিরুলের গোলটি পুলিশকে স্বপ্ন দেখাতে শুরু করেছিল। কিন্তু ৪১ মিনিটে অর্ণবের গোলে ব্রাদার্স প্রথম ধাক্কা সামাল দেয়। বিরতির সময় ব্রাদার্সের ফুটবলাররা মাঠের বাইরে এলে পুলিশের দুর্বলতাগুলো দেখিয়ে দেন কোচ কর্মকর্তারা। সেটি কাজে লাগে ম্যাচের ৬৪ মিনিটে। ফয়সাল গোল করে এগিয়ে দেন ব্রাদার্সকে। আর তাতেই ব্রাদার্স যেন প্রাণে বেঁচে যায়। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। নিজেদের গ্রুপের প্রথম ম্যাচটা খেলতে নেমে গতকাল পুলিশের কাছে মান হারাতে যাচ্ছিল প্রথম ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ব্রাদার্স। কাল জয় পেয়ে তারা কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল। পুলিশ ফুটবলের ভাগ্য খারাপ, একথা বলা যাবে না। তারা ভালো খেলেছে। কিন্তু অভিজ্ঞতার অভাবকেই কাজে লাগিয়েছে ব্রাদার্স। ফেডারেশন কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বিজেএমসিকে আটকে দিয়েছিল পুলিশ। সেটা ছিল সার্ভিসেস দলের প্রথম চমক। সে ম্যাচে ২-২ গোলে ড্র হয়। আর গতকাল ব্রাদার্সকে আটকে দিতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠার সুযোগ সৃষ্টি হতো। কিন্তু সেটা হলো না বলেই আফসোস। পুলিশ ফুটবল দল এখন ব্রাদার্সের দিকে তাকিয়ে আছে। কারণ ব্রাদার্স শেষ ম্যাচ খেলবে বিজেএমসির বিরুদ্ধে। সেই ম্যাচে ব্রাদার্স যদি বিজেএমসিকে হারিয়ে দেয়, তাহলে গোল গড়ের হিসাবটা উঠে আসতে পারে। যদিও পুলিশের সম্ভাবনা কম। তারপরও বিজেএমসি ও ব্রাদার্সের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে পুলিশ।