দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের পাশ থেকে গত শনিবার বস্তাবন্দি অবস্থায় সিয়াম আহম্মেদ (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিয়াম নারায়ণগঞ্জের ফতুল্লার মোস্তফা মাদবরের ছেলে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। শিশুর বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে জমি দখল নিয়ে গত শনিবার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আব্দুল খালেক (১৫) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। জানা যায়, উপজেলার মেদী হাওরে ৭৭ একর জায়গা নিয়ে শাহ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের পক্ষে নাসিরপুরের সৈয়দ আবু এমাদ মিয়ার সাথে ওই এলাকার নাসিরপুর, দাঁতমণ্ডল ও কুলিকুন্ডার গ্রামবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ। ঘটনার দিন উভয়পক্ষ জায়গা দখল করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বলেন, নিহতের চাচা ছুরু রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিকরগাছা (যশোর)
যশোরের ঝিকরগাছার লাউজানী গ্রাম থেকে অপহূত মিরাজুল ইসলাম মিরাজ (১২) নামে এক শিশুর লাশ চারদিন পর গত শনিবার কোতয়ালী থানার নারাঙ্গালীর খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মিরাজুল গত ২০ নভেম্বর বিকালে সাইকেল নিয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সে ঝিকরগাছা বিএম হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিখোঁজের পর থেকে অপহরণকারীরা মোবাইল ফোনে মোটা অংকের মুক্তিপণ দাবি করে আসছিল। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অপহরণকারী সন্দেহে চারজনকে আটক করেছে।
