জেলা মোটরযান ইউনিয়ন ও মালিক সমিতির কর্মকর্তাদের বিরোধিতার জেরে কলমাকান্দা হতে ঢাকা যাতায়াতের জন্য পাঁচটি নাইট কোচ দীর্ঘ ১ মাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ঐ অঞ্চলের যাত্রীরা ঢাকা যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কলমাকান্দা উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার চেয়ারম্যান ভুবন চাম্ভুগং জানান, মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরোধিতার কারণে যাত্রীবাহী বাসগুলো বন্ধ হওয়ায় এ অঞ্চলের যাত্রীরা দুর্ভোগে আছেন।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও সমাজসেবক ইদ্রিছ আলী তালুকদার জানান, রাতে চলাচলকারী বাসগুলো বন্ধ হওয়ায় ঢাকা যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক সময় জরুরি প্রয়োজনে ভেঙ্গে ভেঙ্গে ঢাকা যেতে গিয়ে যাত্রীরা ছিনতাইকারীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন।
