কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি ও গুলিতে কর্মচারি নিহত হওয়ার ঘটনায় নগরীতে গতকাল রবিবার দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে জুয়েলারি ব্যবসায়ী সমিতি। নগরীর ছাতিপট্টি এলাকায় গত শনিবার রাতে ১৫/২০ জন ডাকাত হাতবোমা-ককটেল ফাটিয়ে হাজী জানাব খান নামে একটি জুয়েলারির ৩০০ ভরি স্বর্ণ লুটে নেয়। এ সময় ডাকাতের গুলিতে দোকানের কারিগর গোপাল চন্দ্র সরকার (২২) মারা যান। রাতেই জুয়েলারি দোকানের মালিক আলহাজ্ব কাবুল খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/২০ জন ডাকাতের নামে হত্যা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা করেন। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল ) জাহাঙ্গীর আলম জানান, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার জন্য পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।
