মিরপুরে নিজ ফ্ল্যাটে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৫
রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে সারোয়ার হোসেন নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে ফ্ল্যাটের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। পঁয়ষট্টি বছর বয়সী সারোয়ার পিডব্লিউডিতে চুক্তি ভিত্তিক (ওয়ার্ক চার্জ সহকারী) কর্মচারি ছিলেন। স্ত্রী-সন্তান ছাড়াই তিনি মিরপুর দুই নম্বর জি ব্লকের ১৯/এ নম্বর বাড়ির তিনতলার ঐ ফ্ল্যাটে একা থাকতেন। নিহতের হাতে ও মাথায় আঘাতের চিহ্ন থাকায় এ মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছে পুলিশ। নিহতের ছেলে গোলাম নূর জানান, কয়েকদিন ধরে তার বাবা বাইরে বের হননি এবং ঘরের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। গতকাল প্রতিবেশীরা বিষয়টি মিরপুর থানা পুলিশকে জানান। সকাল সাড়ে ১০টায় পুলিশ সদস্যরা দরজা ভেঙ্গে বেডরুমে সারোয়ার আলমের গলিত লাশ দেখতে পান। গত কোরবানি ঈদের পর থেকে এই ফ্ল্যাটে একা থাকতেন তিনি। আর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে থাকেন আলাদা। মিরপুর মডেল থানার এসআই মোহাম্মদ শাহজালাল জানান, সারোয়ার হোসেনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বরিশাল মুলাদী থানার বড়বাড়ি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। ধারণা করা হচ্ছে, দুই-তিনদিন আগে তার মৃত্যু ঘটেছে। তবে এটি হত্যা না কি ঘুমের মধ্যে স্বাভাবিক মৃত্যু তা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষে অপমৃত্যু মামলা হয়েছে। শাজাহানপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১ : গতকাল রবিবার দুপুর ২ টার দিকে শাজাহানপুরে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫০) একব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, অজ্ঞাত ঐ ব্যক্তি একটি ট্রেন আসার সময় হঠাত্ করে রেললাইন পার হতে যান। এসময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।