‘সরকার পুঁজিবাজার ঢেলে সাজাবার পদক্ষেপ নিয়েছে’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারে ক্ষুদ্র ও নতুন বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে আরো কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সতর্ক বিনিয়োগে পুঁজির ঝুঁকি হ্রাস পাবে। এতে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং দেশের অর্থনীতি লাভবান হবে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আর্থিক স্বাধীনতা প্রদানসহ পুঁজিবাজার পুরোপুরি ঢেলে সাজাবার পদক্ষেপ নিয়েছে। ‘অস্থিতিশীল পুঁজিবাজারে সচেতনতা বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস করবে’ উল্লেখ করে তিনি ক্ষুদ্র ও নতুন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তাদের সচেতনতা বাড়াতে আরো কার্যক্রম গ্রহণের আহবান জানান। শেখ হাসিনা রবিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশেষ অতিথি হিসাবে যোগ দেন। এসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এতে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজারে ক্ষুদ্র ও নতুন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় একটি বিশেষ স্কীম বাস্তবায়ন করছে। তাদেরকে কর অব্যাহতির সুবিধা দেয়া হয়েছে এবং নতুন আইপি ইস্যু করার সময় তাদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ ফান্ড নামে ৫ হাজার কোটি টাকার একটি ওপেন-এন্ডেড মিউচ্যুয়েল ফান্ড গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করা হয়েছে। শেখ হাসিনা বলেন, কোম্পানির ডিভিডেন্ড ও বোনাস শেয়ার অনুমোদনের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের তা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ১০ বছরের মাস্টার প্লান প্রণয়ন করা হয়েছে।