বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একতরফা নির্বাচন কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে জাতীয় নির্বাচন ও নির্বাচনকালীন সরকারসহ প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করা হয় দলটির পক্ষ থেকে।
সম্মেলনে লিখিত বক্তব্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র ও সংবিধানের কথা বলে সরকার একতরফা নির্বাচনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা দেশকে সংঘাত, সংঘর্ষ ও রক্তপাতের দিকে ঠেলে দেবে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে আরো একটু সময় দেয়া উচিত। ডিসেম্বরে সংসদ ভেঙ্গে দেয়ার পরের তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন আহমেদ নান্নু, সিবলুর বারী রাজু, বহ্নিশিখা জামালী, রাজামিয়া প্রমুখ।
