রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবনির্মিত নবাব সিরাজুদ্দৌলা হলে কক্ষ দখল ও আধিপত্য বিস্তার করতে গিয়ে ফরম পূরণের মাধ্যমে সিট বণ্টন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের এ হল গেটে বসে ছাত্রলীগের সভাপতি নাজমুল হক এবং সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের নেতৃত্বে এ ফরম বিতরণ করা হয়। ভীতি প্রদর্শন করে ছাত্রদের ফরম পূরণ করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাধিক ছাত্র অভিযোগ করে বলেন, ছাত্রলীগের ফরম পূরণ ছাড়া হলে সিট পাওয়া সম্ভব নয়। ফরম পূরণ করতে আমাদের উপর চাপ দেয়া হচ্ছে।
তবে এ কথা অস্বীকার করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস জানান, ছাত্রদের মধ্যে সুষ্ঠুভাবে এ ফরম বিতরণ করা হচ্ছে। এ হল থেকেই এর যাত্রা শুরু হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও এ ফরম বিতরণ করা হবে। এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, এটি ছাত্রলীগের দলীয় কর্মকাণ্ডের অংশ, এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু করার নেই।
