টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়িতে। বাংলাদেশে যেমন অসংখ্য ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যেমণ্ডিত স্থান রয়েছে, তেমনি রয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন প্রাচীন স্থাপনা। যা হয়ে উঠেছে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। মহেড়া জমিদার বাড়ি তেমনি একটি নান্দনিক স্থাপনা। জমিদার বাড়িতে স্থাপিত বিভিন্ন ভবনের সুদৃশ্য ও আকর্ষণীয় শিল্পসমৃদ্ধ কারুকার্য এবং এর প্রাচীনত্ব দর্শক ও পর্যটকদের নিয়ে যায় এর সুবর্ণ অতীতে। বর্ণিল আলোয় সাজানো এই জমিদার বাড়িতে ‘ইত্যাদি’র ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে ‘ইত্যাদি’র নান্দনিক সব পর্ব। এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে দু’টি। দেশাত্মবোধক গান গেয়েছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। আর একটি গান গেয়েছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও তারিন। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার হবে ১ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
