শিল্পকলায় অরিন্দমের ‘কবি’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:৫৭
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় এক্সপেরিমেন্টাল হলে আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অরিন্দম নাট্য সমপ্রদায়, চট্টগ্রাম এর নতুন প্রযোজনা ‘কবি’। তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা করেছেন সায়মন জাকারিয়া এবং নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। গল্পে দেখা যাবে—মাঘী পূর্ণিমার দিন চামুন্ডার পূজা উপলক্ষে প্রতি বছর মেলা বসে, বসে কবিগানের পালা। কবিয়াল মহাদেব তার দলসহ উপস্থিত, কিন্তু নাটন দাস কবিয়ালকে খুঁজে পাওয়া গেল না কোথাও। এই সময়ে আসরে উপস্থিত হয় নিতাই। সকলেই তাকে সাদরে গ্রহণ করে। খোদ মহাদেব কবিয়াল পর্যন্ত খুশি। উপস্থিত শ্রোতারাও উত্সাহ দেয় নিতাইকে। ডাকাত মামা এমনকি গর্ভধারিণী জননীও যখন আহ্বান জানাল বংশগত পেশা রাতের অন্ধকারে অভিযানে শামিল হতে, তখন নিরুপায় হয়ে নিতাই দপ্তর হাতে ঘর থেকে বেরিয়ে এল মুহূর্তের সিদ্ধান্তে। এভাবেই এগোতে থাকে এই নাটকের গল্প।