সামাজিক যোগাযোগ ব্যবস্থাপনায় গুগল সফটওয়্যার!

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২০:০১
ইন্টারনেট বিশ্বে নানাদিক থেকেই ব্যবহারকারীদের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে গুগল। তারপরও থেমে নেই আরও নানা বিষয় নিয়ে তাদের গবেষণা। এবারে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম নিয়ে শুরু হয়েছে তাদের গবেষণা। ইন্টারনেট বিশ্বের প্রায় সকলেই বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমের সাথে সংশ্লিষ্ট। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিংকডইনের মতো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের সাথে যুক্ত প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী। এসব ওয়েবসাইটে ব্যক্তিগত জীবন তো বটেই, প্রফেশনাল ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও এখন সামাজিক যোগাযোগের এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। অনেকেই প্রয়োজনভেদে একাধিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে যুক্ত রয়েছেন। ফলে অনেকের জন্যই ভিন্ন ভিন্ন এসব অ্যাকাউন্টের ব্যবস্থাপনার কাজটি কঠিন হয়ে পড়েছে। এই কাজটি সহজ করে তুলতেই গবেষণা চালিয়ে যাচ্ছে এখন গুগল। আর তার জন্য বিশেষ ধরনের সফটওয়্যার এবং রোবট তৈরির কাজ করে যাচ্ছে তারা। গুগল’র তৈরি সফটওয়্যার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারকারীর সব ধরনের কার্যক্রম মনিটর করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও, স্ট্যাটাস, নোটিফিকেশনে ব্যবহারকারী কেমন সাড়া প্রদান করে তা সূক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারবে এটি। পরবর্তী সময়ে আবার এটি ব্যবহারকারীর কার্যক্রমের অনুরূপ কার্যক্রম নিজেই পরিচালনা করতে পারবে। তবে সবক্ষেত্রে এটি নিজেই কোনো পোস্ট, ছবি বা অন্য কোনো কনটেন্টে সরাসরি লাইক বা কমেন্ট প্রদান করবে না। বরং বিভিন্ন নোটিফিকেশনে কী কী করতে হবে, তার পরামর্শ তৈরি করে রাখবে। তাতে কেবল সম্মতি প্রদান করলেই হবে। তবে প্রয়োজন অনুযায়ী এই সফটওয়্যার বিভিন্ন পোস্ট দিতে সক্ষম হবে এবং অন্যান্য পোস্ট পছন্দ করা, তাতে মন্তব্য প্রদান করার মতো কাজগুলোও করতে পারবে। একান্ত ব্যক্তিগত সাড়া প্রদানের প্রয়োজন হলে সেগুলো বিশ্লেষণ করেও জানাবে সফটওয়্যারটি। ইতোমধ্যেই এই সফটওয়্যারের জন্য আবেদন করেছে গুগল। তাদের পক্ষ থেকে এই প্যাটেন্টের আবেদন করেছে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার আশিস ভাটিয়া। এই প্যাটেন্টের আবেদনে আশিস ভাটিয়া জানিয়েছেন, ‘সাম্প্রতিক সময়গুলোতে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এসব মাধ্যমের প্রতিটি ম্যাসেজের সাড়া সঠিক সময়ে দিতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যাচ্ছেন। তাদের জন্যই এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।’