ভাই-বোনকে গাছে বেঁধে ভিটেমাটি থেকে উচ্ছেদ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:২৮
উপজেলার কালাদহ ইউনিয়নের বড়ভিটা গ্রামে শুক্রবার দিনগত গভীর রাতে ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভাই-বোনকে গাছের সাথে বেঁধে ৬টি টিনশেড ও কাঁচাপাকা ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। ভাঙ্গা ঘরের টিনসহ ঘরের ধানচাল ট্রাকভর্তি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আড়াই বছর ধরে ঐ অসহায় পরিবারটি জমিতে বসবাস করে আসছিল। জমি থেকে উচ্ছেদ হওয়া হোসেন আলী (৫৫) ও তার বোন আমেনা খাতুন (৪০) জানায়- শুক্রবার দিনগত রাত ১টার দিকে ৫০/৬০ জনের একদল দুর্বৃত্তের দল দেশীয় অস্ত্র নিয়ে ঘুমন্ত ভাই-বোনকে বাড়ির নিকটে একটি গাছের সাথে বেঁধে ঘরবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ট্রাকে করে মালামাল নিয়ে যায়। এ সময় ভাই-বোন উচ্ছেদের প্রতিবাদ করায় ভাই-বোনকে মারপিট করে। আমেনা খাতুন জানায়, গাছের সাথে বেঁধে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার সময় আব্দুল বারেক নামের এক দুর্বৃত্ত একটি বিড়ি জ্বালিয়ে মুখে দিয়ে আনন্দ উল্লাস করে। পৌনে ৩ একর জমি নিয়ে মইশাল মাস্টার, আবুল হোসেন গংদের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি আনোয়ার হোসেন ভুইয়া জানান, উচ্ছেদ বিষয়টি কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।