সালথায় ব্রিজ না থাকায় দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৩০
স্বাধীনতার পর থেকেই ফরিদপুরের সালথা উপজেলার ১০ গ্রামের মানুষের চাহিদা ভাওয়াল খালের উপর একটি ব্রিজের। জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে এসব গ্রামের শিশু-মহিলাসহ বয়োবৃদ্ধরা ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে আসছে। জানা গেছে, উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা-পচাপুরুরা কাঁচা সড়কের ভাওয়ালের খাল নামক স্থানে একটি ব্রিজের অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে ১০ গ্রামের মানুষ। পুরুরা, সাধুপাড়া, মিরাকান্দা, পচাপুরুরা, পুরুরা গলিয়াপাড়া, ঘরডাঙ্গা, তুগুলদিয়া, শিহিপুর, ইউসুফদিয়া ও আন্তিপাড়া গ্রামের জনসাধারণসহ স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিন বাঁশের এ সাঁকো দিয়ে গন্তব্যে যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। এলাকাবাসী জানান, মাঝে-মাঝে জনপ্রতিনিধিরা এখানে একটি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও তা আজ পর্যন্ত কার্যকর হয়নি। তারা শুধু ভোটের সময় এলেই খোঁজ-খবর নেয় আর উন্নয়ন করার আশ্বাস দেয়। পরে আর কোন খবর থাকে না তাদের। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলী সাংবাদিকদের জানান, এ ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব দেয়া হয়েছে। আশা করি অতিদ্রুত ব্রিজটি পাস হয়ে আসবে।